
এসপি গোল্ডেন লাইন পরিবহনের মালিক জুনায়েদ হোসেন লস্করকে জামিন দেওয়া হয়েছে। একই মামলায় বাসচালক ইমরান সরদারের জামিন নাকোচ করে তারে জেল-হাযতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহাদ বিন আমিন চৌধুরী এ আদেশ দেন।
রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেইটের কাছে মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম রানাকে বাসচাপায় হত্যার অভিযোগে মালিক ও বাসচালককে গ্রেপ্তার করা হয়। এরআগে মঙ্গলবার দুজনকে রিমান্ড শেষে আদালতে পাঠানোর পর কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করা হয় এবং জামিন আবেদনের শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য করেন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান বলেন, এসপি গোল্ডেন লাইনের মালিক জুনায়েদকে জামিন দেওয়া হয়েছে। আসামি পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন। এই কারণে আগামী ধার্য তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে তাঁকে।
গত ৩ আগস্ট দুপুর দেড়টার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেটের পাশে এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি মিনিবাসের চাপায় সাইফুল ইসলাম রানা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

যুক্তি উপস্থাপনের সময় আসামী পক্ষের আইনজীবি দাবি করেন, বাস মালিক ঘটনাস্থলে ছিলেন না। তাকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনার দায়–দায়িত্ব তার ওপর বর্তায় না।