ষড়যন্ত্রকারীদের কোন ফর্মুলাতেই কাজ হবেনা- নাসিম

0 ৫১

সংলাপ হবেনা। কোনও  ফর্মুলা দিয়ে কাজ হবেনা। সবসময়ই নির্বাচনের আগে একটি মহল ষড়যন্ত্র করে। তাতে কোন লাভ নেই। ভারত ও আমেরিকাসহ সংসদীয় গণতন্ত্রের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে। দেশের জনগণ শান্তিপূর্ণভাবে নির্বাচনে ভোট দেবে।

রোববার সকালে সিরাজগঞ্জ জেলা সদরে সনাতন ধর্মালম্বীদের জন্মাষ্টমী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচনে অংশ নেবার অধিকার যেমন সব দলের আছে, তেমনি অংশগ্রহণ না করার অধিকারও আছে।কিন্তু জ্বালাও পোড়াও করার অধিকার কারো নেই।

তিনি আরো বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়েছে। এ দেশে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে মুসলিম, হিন্দু বৌদ্ধ, খ্রীস্টান সহ সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে নিরাপদে বসবাস করে। কিন্তু একাত্তরের পরাজিত ও স্বাধীনতা বিরোধীরা নানা ষড়যন্ত্র করে দেশের শান্তি শৃঙ্খলা নষ্টের পায়তারা করছে।

সমাবেশে বিএনপিকে নির্বাচনে প্রস্তুতি নেবার আহবান জানিয়ে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। নির্বাচনকালীন সরকার দৈনন্দিন কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।

তিনি দেশবাসীকে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান।

মুক্ত প্রভাত/রাশিদুল

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.