বান্দরবানে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
সোহেল কান্তি নাথ, বান্দরবান
বান্দরবানের পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। শনিবার ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের থুইলাঅং পাড়ারের কাছে এ ঘটনা ঘটে। নিহত ডাকাতের নাম মো. আনোয়ার হোসেন প্রকাশ আনোয়ার বলি।
এসময় দুটি দেশীয় অস্ত্র, ৬ রাউন্ড গুলি ও মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। এরা হলেন- কনস্টেবল জ্যোতির্ময় চাকমা ও মো. সুলতান। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার জানান, নিহত আনোয়ার বলি বাইশারীর ডাকাত সর্দার আনাইয়্যা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন। শনিবার ভোর রাতে টহলরত একটি পুলিশ দলের উপর ডাকাত বাহিনী গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। সেখানে ডাকাত আনোয়ার বলি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সকালে লোকজন ডাকাত আনোয়ার বলির লাশ সনাক্ত করে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর শেখ জানান, নিহত ডাকাতের পাশে পড়ে থাকা একটি দেশীয় তৈরি পিস্তল একটি একনলা বন্দুক, ৬ রাউন্ড গুলি ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
বাইশারীর ইউপি চেয়ারম্যান মো. আলম বলেন, ডাকাত আনোয়ার বলি এই এলাকার আতংক ছিল। সে ডাকাত বাহিনী আনোয়ার গ্রুপের প্রকাশ আনাইয়্যা বাহিনীর অন্যতম সর্দার ছিলেন। কক্সবাজারের চকরিয়ার ইদগড়, রামু ও নাইক্ষ্যংছড়ির বাইশারীর এলাকায় লোকজনের কাছে আতংকের নাম ছিলেন এই আনোয়ার বলি। অপহরণ করে নির্যাতন, মুক্তিপণ আদায় হত্যা, গুমসহ নানা অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ ছিল আনোয়ার বলির বিরদ্ধে।
মুক্ত প্রভাত/রাশিদুল