পাল্টা কর্মসূচি দেবেনা আ’লীগ, নৈরাজ্য সৃষ্টি করলে ব্যবস্থা
মুক্ত অনলাইন ডেস্ক
আওয়ামী লীগ কারো সঙ্গে পাল্টাপাল্টি কর্মসূচিতে যাবে না। দেশের মানুষ আতঙ্কিত হয় এমন কোনো দলীয় কর্মসূচিও দেবে না। তবে, রাজনৈতিক কর্মসূচির নামে কেউ দেশে নৈরাজ্য ও নাশকতা সৃষ্টি করতে চাইলে আইন-শৃঙ্খলা বাহিনী উদ্ভূত পরিস্থিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এক যৌথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা ক্ষমতাসীন দল, আমাদের ভরা কলসি, ভরা কলসি নড়ে না। বিএনপির কলসি শূন্য, তাদের কলসি বেশি নড়াটাই স্বাভাবিক। তাই, আমাদের উত্তেজিত হওয়ার প্রয়োজন নেই। কারো উস্কানীতে আমরা পা দেব না। তবে বিএনপির কর্মসূচি শান্তিপূর্ণ এবং রাজনৈতিক ভাবে না হলে জনগণকে সঙ্গে নিয়ে তার সমুচিত জবাব দেয়া হবে।
সভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, বিজ্ঞাণ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপ-দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাওছার, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রীক, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।
মুক্ত প্রভাত/রাশিধুল