পৃথক দুর্ঘটনায় তিন প্রাণহানি
মুক্ত অনলাইন ডেস্ক
পৃথক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। গোপালগঞ্জে বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে বরইতলা-মুকসুদপুর সড়কের মুকসুদপুর উপজেলার চাওচা শিশুতলা নামক স্থানে ও বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের ভোজেরগাতী নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামের মো. আলী মুন্সির মেয়ে মরিয়ম বেগম (৫৫), কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের মোকসেদ শেখের ছেলে ছবেত শেখ (৬৫) ও বাসের হেলপার সাইফুল ইসলাম (১৮)। আহতদের গোপালগঞ্জ, মুকসুদপুর, খুলনা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার এসআই নজরুল ইসলাম জানান, গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের ভোজেরগাতী নামকস্থানে গনেশ পাগল এন্টারপ্রাইজ নামে একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে ১৭ বাসযাত্রী আহত হন। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তির পর ছবেত শেখ ও বাসের হেলপার সাইফুল ইসলাম বিকেলে মারা যান। মারাত্মক আহত কোটালীপাড়া উপজেলার আলিঠাপাড়া গ্রামের ইব্রাহিমের ছেলে নূর হাসানকে (৭) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাসটি কোটালীপাড়া থেকে গোপালগঞ্জে যাচ্ছিলো বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, বরইতলা থেকে ছেড়ে যাওয়া মুকসুদপুরগামী একটি লোকাল বাস ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় কমপক্ষে ১৬ যাত্রী আহত হন। আহতদের মধ্যে মরিয়ম বেগমকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুক্ত প্রভাত/রাশিদুল