ট্যানারি কারখানায় আগুন- দগ্ধ তিন শ্রমিক
মুক্ত অনলাইন ডেস্ক
ট্যানারি শিল্প নগরীর একটি ট্যানারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর রাতে সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়নের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্পনগরীর দ্য কুমিল্লা ট্যানারিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে কারখানাটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ৩জন শ্রমিক। দগ্ধ শ্রমিক সুমন হোসেন ( ২৫ ), আবুল বাশার (৫৫) ও হাশেম আলীকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ট্যানারি পুলিশ ফাঁড়ির (ওসি) গোলাম নবী জানান, ভোর রাতে দ্য কুমিল্লা ট্যানারির চতুর্থ তলা ভবনের তৃতীয় তলায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় মুহূর্তের মধ্যে তা তৃতীয় তলার পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। এতে ওই কারখানার ট্যানারি তৈরির তিনটি মেশিন ও পাঁচ কোটি টাকার লেদার পুড়ে যায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে কারখানাটির ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুর রহমান জানান, অগ্নিকাণ্ডে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মুক্ত প্রভাত/রাশিদুল