ছাত্রী ধর্ষণের অভিযোগ পরিবহন মালিকের বিরুদ্ধে
মুক্ত অনলাইন ডেস্ক
কলেজ ছাত্রীর দায়ের করা মামলায় বগুড়া শহরের এক পরিবহন মালিককে গ্রেপ্তার করেছে বগুড়ার ডিবি পুলিশ।
বুধবার রাতে শহরের চারমাথা বাস টার্মিনাল এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত পরিবহন ব্যবসায়ী শাহিনুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করে। তিনি শহরের কটনারপাড়া এলাকার বাসিন্দা এবং বগুড়া-ময়মনসিংহসহ বিভিন্ন রুটে চলাচলকারী ঝটিকা পরিবহনের মালিক।
বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক নূরে আলম সিদ্দিকী বলেন, পরিবহন ব্যবসায়ী শাহিনুর রহমানের বিরুদ্ধে বুধবার বগুড়ার শাজাহানপুর থানায় ধর্ষণ মামলা করেন সিরাজগঞ্জ জেলার কাজিপুর এম মনসুর আলী কলেজের স্নাতকোত্তর শেষ বর্ষের এক ছাত্রী (২৪)। পুলিশ সুপারের নির্দেশে মামলাটির তদন্তভার দেওয়া হয় ডিবি পুলিশকে। ওই মামলার প্রেক্ষিতে রাতেই শহরের চারমাথা এলাকা থেকে শাহিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়। বৃহষ্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, গত বুধবার কলেজ ছাত্রীর দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই তরুণীর বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়।
তবে শৈশব থেকেই বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকায় বাবা-মায়ের সঙ্গে বসবাস করছেন তিনি। তার বাবা শহরে তৈরি পোষাকের ব্যবসা করেন। আসামি শাহিনুর রহমান তার পূর্ব পরিচিত। গত ২৯ সেপ্টেম্বর রাতে তাকে প্রলোভন দিয়ে শহরের ফুলতলা এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
মামলা দায়েরের পর পুলিশ সুপারের নির্দেশে তদন্তভার ডিবি পুলিশের ওপর দেওয়া হয়। আদালতে হাজির করার আগে পুলিশী হেফাজতে থাকা শাহিনুর রহমান সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার।
মুক্ত প্রভাত/রাশিদুল