ভুটভুটির চাপায় স্কুল ছাত্রী নিহত
মুক্ত অনলাইন ডেস্ক
স্যালো ইঞ্জিনচালিত করিমনের চাপায় কবিতা (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত কবিতা উপজেলার পশ্চিম মির্জাপুর গ্রামের গোলাম কবিরের মেয়ে কবিতা (১৫)। সে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিলো। রোবাবার সকাল সাড়ে আটটার দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ওই দুর্ঘটনা ঘটে।
নাচোল থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সকাল সাড়ে আটটার দিকে গোলাম কবির তার ছেলে ও মেয়ে কবিতাকে মোটরসাইকেলে নিয়ে তানোর উপজেলার মুন্ডমালা এলাকায় তার শ্যালকের মৃত্যুর খবর পেয়ে যাচ্ছিলেন।
পথে পন্ডিতপুর ফায়ার সার্ভিস স্টেশনের পাশে গোলাম কবিরের মাথার ক্যাপ মাটিতে পড়ে গেলে তার মেয়ে ক্যাপটি উঠাতে যায়। এ সময় ধানসুরা রাজশাহীগামী একটি গরুভর্তি ভুটভুটি ভুটভুটি কবিতাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার পর পুলিশ খবর পেয়ে কবিতার মৃতদেহ উদ্ধার করে।
এদিকে ভুটভুটি করিমনকে স্থানীয়রা আটক করলে চালক পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।
মুক্ত প্রভাত/রাশিদুল