কুবির বাসে হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবি
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় থিয়েটারের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদের ওপর সন্ত্রাসীদের হামলার ১১ দিন পেরিয়ে গেলেও ঘটনায় কেউ গ্রেপ্তার না হওয়ায় প্রতীকী প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থিয়েটার।
সোমবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রতীকী প্রতিবাদ জানানো হয়।
প্রতীকী প্রতিবাদে হামলার বিভিন্ন চিত্র তুলে ধরেন থিয়েটারের সদস্যরা। তারা হামলার প্রতিবাদ জানিয়ে অতি দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
এ সময় উপস্হিত ছিলেন- বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক হরিদাস চক্রবর্তী পঙ্কজসহ থিয়েটারের অন্যান্য সদস্যবৃন্দ।
এ প্রতীকী প্রতিবাদ প্রসঙ্গে থিয়েটারের সভাপতি বলেন, ‘দ্বীনের ওপর সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আমরা থিয়েটার পরিবার খুবই ব্যথিত। বেশ কয়েকবার প্রক্টরকে এ বিষয়ে জানানো হলেও কোনো অগ্রগতি নেই।আশাকরি, প্রশাসনের পক্ষ থেকে খুব দ্রুত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’
উল্লেখ্য, গত ১১ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাসে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ও থিয়েটারের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ ও বাস চালক আলাউদ্দিন মারাত্মকভাবে আহত হন।
এ ঘটনার জেরে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে পুলিশ ৬ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের আশ্বাস দেন। পরে ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করে মামলা করে। কিন্তু মামলার ১১ দিন পার হয়ে গেলেও সন্ত্রাসী দের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মুক্ত প্রভাত/রাশিদুল