ফুল-চকলেটের লোভ দেখিয়ে তিন শিশুকে ধর্ষণ

0 ১১৯

মুক্ত অনলাইন ডেস্ক

পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির তিন শিশু ধর্ষণের শিকার হয়েছে। ফুল আর চকলেটের প্রলোভন দেখিয়ে আব্দুল হালিম (৫০) নামের এক নার্সারি ব্যবসায়ীর বিরুদ্ধে ওই ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনটি ধর্ষণের কথা আলাদা ভাবে উল্লেখ করে মামলাটি দায়ের করেন এক শিশুর অভিভাবক।

রংপুরের বদরগঞ্জের মধুপুর ইউনিয়নের কাশিগঞ্জ গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ধর্ষক আব্দুল হালিমকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।

ঘটনার শিকার দুই শিশু একটি মাদরাসার পঞ্চম এবং অন্য শিশু একই প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। ধর্ষণের আলাদা তিনটি ঘটনা উল্লেখ করে গতকাল মঙ্গলবার এক শিশুর অভিভাবক বদরগঞ্জ থানায় মামলা করেছেন। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কাশিগঞ্জ গ্রামে আব্দুল হালিমের একটি নার্সারি রয়েছে। ওই নার্সারির পাশে তিন শিশুর বাড়ি। প্রায় সময় দুই বান্ধবীসহ অন্য এক শিশু হালিমের নার্সারিতে ফুল নিতে যেত। এ সময় তিন শিশুর ওপর আব্দুল হালিমের চোখ পড়ে।

এর মধ্যে গত শনিবার নার্সারির পাশে এক শিশুর বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ফুল আর চকলেট দেওয়ার লোভ দেখায় আব্দুল হালিম।

একপর্যায়ে কৌশলে ওই শিশুকে সে ধর্ষণ করে। পরদিন অন্য এক শিশু তার বাগানে গেলে তাকেও একই প্রলোভনে নার্সারির ভেতর নিয়ে ধর্ষণ করে ওই লম্পট। সর্বশেষ একই কায়দায় ষষ্ঠ শ্রেণির আরো এক শিশুকে ধর্ষণ করলে ঘটনাটি গত সোমবার প্রকাশ পায়।

ভুক্তভোগী তিন শিশু তাদের সঙ্গে আব্দুল হালিম খারাপ আচরণ করেছে বলে পরিবারের লোকজনকে জানায়। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। পরে লোকজন জড়ো হয়ে আব্দুল হালিমকে তার নার্সারি থেকে ধরে এনে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

অভিযুক্ত আব্দুল হালিম বলে, ‘ওই বাচ্চারা প্রায় সময় আমার বাগান থেকে ফুল ছিঁড়তে যেত। নিষেধ করতাম; কিন্তু কোনো কথা শুনত না। তবে আমি ওই শিশুদের কারো সঙ্গে খারাপ আচরণ করিনি।’

এ ব্যাপারে বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান বলেন, ‘আলাদাভাবে দুই শিশুর কাছ থেকে ঘটনাটি জানার চেষ্টা করা হয়েছে। এতে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

মুক্ত প্রভাত/রাশিদুল

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.