সারা দেশের সাথে রাজশাহীর বাস চলাচল বন্ধ আছে
মুক্ত অনলাইন ডেস্ক
বন্ধ রয়েছে রাজশাহী থেকে ঢাকা রুটে বাস চলাচল। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে যায়নি কোনো বাস। অভিযোগ উঠেছে, আজ শুক্রবার রাজশাহীর মাদ্রাসা মাঠে আয়োজিত জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় মহাসমাবেশ ঠেকাতে এ কাণ্ড ঘটিয়েছেন সরকার সমর্থকরা।
তবে নাটোরে বাস শ্রমিকের ওপর হামলার জেরে কেবল এ রুটেই বাস বন্ধের কথা জানিয়েছেন পরিবহন শ্রমিকরা।বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, শুক্রবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ঐক্যফ্রন্টের জনসভা রয়েছে। জনসভা কেন্দ্র করেই হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে আকস্মিক এ ধর্মঘটের কারণে রাজশাহী-ঢাকা রুটের সাধারণ যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েছেন।
এ বিষয়ে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান পিটার বলেন, নাটোরে শ্রমিকদের সঙ্গে ঝামেলা হওয়ার কারণে এই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে রাজশাহী থেকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটসহ অন্য আন্তঃজেলা রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
নাটোরের পরিবহন নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। সমস্যার সমাধান হলে আবারও রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি। তবে মুঠোফোনে সংযোগ না পাওয়ায় রাজশাহী জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবির মন্তব্য পাওয়া যায়নি।
মুক্ত প্রভাত/রাশিদুল