সন্ত্রাসী-নিরাপত্তা বাহিনী গোলাগুলি: প্রাণ গেল স্কুল ছাত্রের
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের নিরাপত্তাবাহিনী সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের সময় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার রাতে রোয়াংছড়ি উপজেলার ঘেরাও ভেতর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্র ক্যচিং অং (১৩) ঘেরাও ভেতর পাড়া এলাকার পাইনুমং মার্মার ছেলে। সে রোয়াংছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে নিরাপত্তা বাহিনী সোমবার রাত ৯টার দিকে রোয়াংছড়ি উপজেলার ঘেরাও ভেতর পাড়ায় গেলে ওই সময় সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
গোলাগুলির সময় ক্যচিং অং মার্মা দোকানে টিভি দেখে বাড়ী ফেরার সময় গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে বান্দরবান সদর হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে ক্যচিং অং মার্মা মারা যায়।
রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, গুলা গোলাগুলির ঘটনায় আহত স্কুল ছাত্র চট্টগ্রাম নেয়ার পথে মারা যায়। আজ ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মুক্ত প্রভাত/রাশিদুল